রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে প্রাইভেট কারে লেগুনার ধাক্কা লাগায় লেগুনাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। নিহতের নাম সবুজ (৩৫)। গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর তদন্তের জন্য ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
নিহতের পরিচিত জামাল নামে এক ব্যক্তি জানান, সবুজের বাড়ি বরিশাল জেলায়। ফার্মগেট থেকে নিউমার্কেট রাস্তায় লেগুনা চালান তিনি। লেগুনায় গ্যাস না থাকায় ফার্মগেট থেকে আরেকটা লেগুনার সহযোগিতায় গ্যাস নিতে পান্থপথ হয়ে তারা কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। তখন পান্থপথ এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে তার লেগুনার ধাক্কা লাগে।
এতে প্রাইভেট কারের লুকিং গ্লাস ভেঙে যায়। এতেই ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কারে থাকা ৩-৪ জন নেমে ভাঙা লুকিং গ্লাস দিয়ে লেগুনাচালক সবুজের মাথায় আঘাত করে। এ ছাড়া তারা সবুজকে ব্যাপক মারধর করে। এতে সবুজ অচেতন হয়ে পড়েন। তখন তারা দ্রুত প্রাইভেট কার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ঘটনায় দায়ের হওয়া মামলাটির তদন্ত করছি আমরা। আশা করছি শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারব।
