পাবনা স্বেচ্ছাসেবক লীগ

নিয়ম না মেনে কমিটি করায় কারণ দর্শানোর মুখে

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০১:১৬ এএম

গঠনতন্ত্রের তোয়াক্কা না করে একের পর এক উপজেলা কমিটি করে বিতর্কের মুখে পড়েছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু ও সাধারণ সম্পাদক রুহুল আমিন। 

অভিযোগ উঠেছে, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘পদ বাণিজ্যের মাধ্যমে’ উপজেলা, থানা ও ইউনিয়ন কমিটি করেছেন জেলার শীর্ষ নেতারা। অনিয়মের কারণ জানতে চেয়ে ১ আগস্ট জেলা সভাপতি-সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে, গত মাসের ৩১ তারিখে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটির সভাপতি-সাধারণ সম্পাদক। গঠনতন্ত্রে আহ্বায়ক কমিটি ৩১ সদস্যের বেশি করার নিয়ম না থাকলেও তারা সেটি করেছেন। একইভাবে করা হয়েছে ওই থানার একাধিক ইউনিয়ন কমিটিও। রানীনগর ইউনিয়ন কমিটিও ঘোষণার পর পছন্দের লোক বাদ পড়ায় তা পরিবর্তন করে সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। এর আগে সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগে ৩১ সদস্যের বাইরে ৫৪ সদস্যের কমিটির অনুমোদন দেন সভাপতি-সাধারণ সম্পাদক।  ৭ আগস্টের মধ্যে অনিয়মের কারণ ব্যাখ্যা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, অনেকেই পদ না পেয়ে ক্ষুব্ধ হয়ে নানা রটনা করছেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, কাজ করলে অভিযোগ থাকবেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত