ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির গেট-দরজা ভেঙে ঢুকে পরিবারের লোকদের হাত-পা বেঁধে ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এসময় তাদের হামলায় নারী-পুরুষসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে সদর উপজেলার রামরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বাড়ির মালিক সাইদুল ইসলাম (৭০), তার স্ত্রী জ্যোৎস্না চৌধুরী (৬০), ছেলে মাইনুদ্দিন ইসলাম (২৬) ও মেয়ে আয়েশা আক্তার মুক্তা (২৮)। আয়েশা আক্তার মুক্তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইদুল ইসলামের মেয়ে সাদেকা ইসলাম রতœা জানান, তার দুই ভাই ও এক বোন বিদেশে থাকেন। তার এক বোন সম্প্রতি সুইডেন থেকে দেশে বেড়াতে আসেন। গত সোমবার সন্ধ্যায় তিনি আবার চলে যান। মঙ্গলবার ভোরে আয়েশা আক্তার মুক্তা ঘরের বাইরে টয়লেটে যান। এসময় ২৫-৩০ জনের একটি ডাকাতদল তাদের বাড়ি ঘিরে ফেলে। এদের মধ্যে ১০-১২ জন বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের মারধর করে রশি দিয়ে বেঁধে ফেলে।
মুক্তা বলেন, ‘আমি টয়লেট থেকে এসে দেখি সাতজন লোক আমার ভাইকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার দুই শিশুসন্তানের গলায় ছুরি ধরে রেখেছিল। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। তারা আমার মাথায় আঘাত করে। এরপর আমি লুটিয়ে পড়ি।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতদলকে ধরতে অভিযান অব্যাহত আছে।
