পাবনার ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার সাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাথরপাড়া এলাকার আশরাফুল মাঝির ছেলে হিমেল হোসেন (১০) ও একই এলাকার আছান নাপিতের ছেলে হোসাইন (১২)। হিমেল সাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ও হোসাইন দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল ছুটির পর ওই দুই শিশু মারুফ হোসেনের বালুর খামালে খেলা করছিল। মারুফ হোসেন বলেন, ‘ওই দুই শিশু বৃষ্টি দেখে বালুর খামালে গিয়ে বালু গর্ত করে বসে ছিল। পরে বৃষ্টির পানিতে বালু ধসে তাদের ওপর পড়ে।’
সন্ধ্যা ৭টার দিকে বালুর নিচ থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরকার বলেন, ‘ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি দুটি শিশুই মারা গেছে।’
