বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ একদিন এগিয়ে এনে নতুন সূচি ঘোষণা করেছে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচটি ১৪ অক্টোবরের জায়গায় হবে ১৩ অক্টোবর। ম্যাচ শুরুর সময় আগের মতোই দুপুর ২টায়। আর ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ার কথা থাকা ম্যাচটি একদিন এগিয়ে হবে ১১ নভেম্বর। এই ম্যাচ শুরু সকাল সাড়ে ১০টায়।
বিশ্বকাপ সূচি বদলের প্রয়োজন পড়ে ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের কারণে। একই দিনে ভারতের সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রির আনুষ্ঠানিকতা থাকে। এই ধর্মীয় উৎসবের দিন ভারত-পাকিস্তানের মতো মেগা ম্যাচ রাখতে চায়নি বিসিসিআই। তাই আইসিসির করা সূচিতে পরিবর্তন আনার অনুরোধ করে দেশটির ক্রিকেট বোর্ড। তারই ফলে কিছু ম্যাচ পরিবর্তিত হয়ে নতুন সূচি ঘোষণা করা হলো গতকাল।
নতুন সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে ১৪ নভেম্বর হবে। ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামই। আর ১৫ তারিখ হবে আগের সূচিতে ১৪ অক্টোবার দিল্লিতে থাকা ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি। এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ১২ অক্টোবর হায়দরাবাদের ম্যাচ এগিয়ে আনা হয়েছে ১০ অক্টোবর।
এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের শেষ ম্যাচ ১১ এর পরিবর্তে ১২ নভেম্বর খেলবে বেঙ্গালুরুতে। আর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লখনৌয়ের ম্যাচও একদিন এগিয়ে ১৩ থেকে ১২ অক্টোবরে আনা হয়েছে।
