কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় সৈকতে ভেসে আসা মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, গলাচিপা সৈকতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে। মরদেহগুলো পচে অর্ধগলিত অবস্থায় রয়েছে। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে বলে জানান তিনি। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে,' বলেন তিনি।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
