কুমিল্লার হোমনায় বাল্যবিয়ে নিবন্ধনের অভিযোগে স্থানীয় কাজি ও কনেপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার দশম শ্রেণিপড়–য়া এক প্রবাসীর ১৫ বছর বয়সী মেয়ের সঙ্গে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের আবদুল হকের ছেলে মহরম আলীর বিয়ের আয়োজন করা হয়। এ বাল্যবিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে ঘারমোড়া ইউনিয়নের কাজি নুরুল ইসলামকে ৫০ হাজার এবং ছাত্রীর দাদিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের আয়োজনকারী মেয়েপক্ষের বাড়ি গিয়ে বাল্যবিয়ের সত্যতা পেলেও বর-কনেকে পাওয়া যায়নি। পরে বরপক্ষের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়। এ সময় কাজি ও কনে পক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
