বাগেরহাটের শরণখোলায় মা ও মেয়ে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল শনিবার নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় এদিন বিকেলে নিহত পাপিয়া আক্তারের ভাই ইকরাম হোসেন বাদী হয়ে তার ভগ্নিপতি আবু জাফরকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে শরণখোলা থানায় একটি হত্যামামলা দায়ের করেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের বাড়িতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ঢুকে তার স্ত্রী পাপিয়া আক্তার (৩৮) ও মেয়ে ছাওদা জেনিকে (৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকা-ের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
গ্রেপ্তাররা হলেন উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আবদুস সামাদ হাওলাদারের তিন ছেলে মনির হাওলাদার (৪৫), নেহারুল হাওলাদার (৪৮) ও মিলন হাওলাদার (৪০)।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
