উসমান দেম্বেলে বার্সেলোনা ছাড়বেন তা বলতে গেলে নিশ্চিতই ছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতার। শেষ পর্যন্ত গতকাল পিএসজিতে যোগ দিয়েছেন দেম্বেলে। দেম্বেলেকে পিএসজিতে স্বাগত জানিয়েছেন ফ্রান্স দলে তার সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
দেম্বেলের পেশাদার ফুটবলের শুরুটা হয়েছিল ফ্রান্সের ক্লাব রেনেতে। তবে এক মৌসুম পরই তিনি যান জার্মানের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানে থেকে বার্সেলোনায়। ৭ বছরের পর ফ্রান্সের কোনো ক্লাবে ফিরেছেন। দেম্বেলেকে স্বাগত জানিয়ে এমবাপ্পে ইনস্টাগ্রামে লেখেন, ‘ঘরে ফেরায় স্বাগত, ভাই। তোমাকে এখানে দেখে খুব খুশি। এবার অভিযান শুরু।’
দেম্বেলের রিলিজ ক্লজ চালু করলে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হতো পিএসজিকে। তবে সেটি করেনি তারা। ভিন্ন উপায়ে চুক্তি করে পিএসজি। তাতে পাঁচ বছরের জন্য দেম্বেলেকে দলে ভেড়াতে পিএসজির খরচ হয়েছে ৫০.৪ মিলিয়ন ইউরো। ট্রান্সফার ফি থেকে ৩৫.৪ মিলিয়ন ইউরো পাবে বার্সেলোনা। বাকি ১৫ মিলিয়ন যাবে দেম্বেলের পকেটে। পিএসজিতে যোগ দিয়ে দেম্বেলে বলেন, ‘পিএসজিতে যোগ দিয়ে আমি আনন্দিত। নতুন ক্লাবের জন্য মাঠে নামতে তর সইছে না।’
