ঢাবিতে মারধর পরে হাসপাতালে মৃত্যু বনকর্মীর

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৫:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের সামনে বসন্ত কুমার দাস (৫২) নামে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ করা হয়েছে। তিনি বন বিভাগের অফিস সহকারী ছিলেন।

গতকাল রবিবার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত ডিএমপির শাহবাগ থানায় কোনো মামলা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।

বসন্ত কুমার দাসের ছোট ভাই হেমন্ত দাস অভিযোগ করেন, মিনার দাস নামে তাদের দূরসম্পর্কের এক ফুফাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বসন্ত কুমারের। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাবির কলাভবনের সামনে মিনার দাস ফোনে তার ভাইকে ডেকে নেন। এমন সময় মিনার দাসের স্বামী শান্তি ম-ল সেখানে উপস্থিত হন। তখন শান্তি ম-ল বসন্ত দাসকে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সেখানে পুলিশ এলে বিষয়টি পারিবারিক বলে সমঝোতা করে দেয়। এ সময় বসন্ত কুমারের স্ত্রী সুমি দাস তাকে শাহজাহানপুর গুলবাগের বাসায় নিয়ে যান।

হেমন্ত দাস আরও জানান, বাসায় রাত ১টার দিকে হঠাৎ বসন্ত কুমার অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান তিনি।

শাহবাগ থানার এসআই খন্দকার সেলিম শাহরিয়ার জীবন স্ট্যালিন জানান, মারধরের শিকার হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে একটি অভিযোগ পেয়েছেন। ঘটনাটি বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত