বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার প্রত্যয় সাকিবের

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৫:২৬ এএম

বিশ্বকাপকে টার্গেট করে আবারও ওয়ানডে দলের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। এমন সময়ে তার নাম ঘোষণা করা হয়েছে, সাকিব যখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ থেকে দূরে, শ্রীলঙ্কায়। তাই তার প্রতিক্রিয়া জানতে পারেনি গণমাধ্যম। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা থেকেই জানা গেল তার লক্ষ্যের কথা। বললেন, ওয়ানডেতে বাংলাদেশ কেমন ভালো তা দেখানোর সুযোগ সামনের ভারত বিশ্বকাপ। দ্বিতীয় মেয়াদে অধিনায়ক হয়ে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে দল নিয়ে প্রস্তুত তিনি।

তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পর এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় ইভেন্ট সামনে রেখে সাকিবই নেতৃত্বের পথে সবচেয়ে এগিয়ে ছিলেন। অনেক নাটকীয়তার পর ১১ আগস্ট নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তার নাম ঘোষিত হয়। সাকিব এখন গল টাইটান্সের হয়ে খেলছেন লঙ্কায়। সেখানে কাল ম্যাচের ফাঁকে চলমান ম্যাচ নিয়ে কথা বলার সময় আসে অধিনায়কত্বের প্রসঙ্গও। অধিনায়কত্ব পাওয়া নিয়ে উপস্থাপিকার প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়।’

২০১৯ সালের বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ উজ্জ্বল ছিলেন সাকিব। যদিও আশা জাগিয়েও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। ১০ দলের বিশ্বকাপ শেষ করেছিল ৮ নম্বরে থেকে। এবার বিশ্বকাপে অধিনায়ক সাকিব তার লক্ষ্যের কথা বলেন এভাবে, ‘আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি এটা দেখানোর সুযোগ এবার। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’

বাংলাদেশের শক্তির জায়গা এই ওয়ানডে। ২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখার তৃপ্তি মিলেছিল। তাও ওয়ানডেতে ভালো করার সুবাদেই। গত বিশ্বকাপে কিছু ক্লোজ ম্যাচ না হারলে আর শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে প- না হলে ভিন্ন কিছু করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। এবারের বিশ্বকাপে সরাসরি খেলার বাছাইপর্ব সুপার লিগে ৩ নম্বরে থেকে শেষ করেছেন সাকিবরা। এবার সুপার লিগের পুনরাবৃত্তি করে আগের দুই বিশ্বকাপের সাফল্য ছাপিয়ে যেতে চাইবেন সাকিবও, ‘আমরা সাদা বলে ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন (বিশ্বকাপে) সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’

এরই মধ্যে এশিয়া কাপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে অধিনায়ক আপাতত শ্রীলঙ্কাতেই থাকবেন ২০ আগস্ট পর্যন্ত। লিটন দাস ও শরিফুলও নেই লঙ্কা প্রিমিয়ার লিগের ব্যস্ততার কারণে। কাল প্রস্তুতি শুরু হলেও প্রথম দিন বৃষ্টির কারণে স্কিল অনুশীলন হয়নি। না হলেও ওই সময়ে বোর্ড মিটিং রুমে দলীয় আলোচনা সেরেছেন ক্রিকেটাররা। কোচ চ-িকা হাথুরুসিংহে নিজের পরিকল্পনা শেয়ার করেছেন ক্রিকেটারদের সঙ্গে। ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডির পাল্লেকেল্লেতে বাংলাদেশের প্রথম ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত