সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তর ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ধর্মীয় প্রার্থনালয়ে দোয়া, স্কুল-কলেজে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সভা-সেমিনারে বক্তারা শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিটি বাঙালির জীবনে ধারণ করার আহ্বান জানান। প্রতিনিধি ও সংবাদদাতাদের প্রতিবেদন :
গাজীপুর : সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। দুপুরে নিজ বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ ম-লসহ নেতারা। দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাগেরহাট : সকাল ১০টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি শোক র্যালি বের করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় : সকাল সাড়ে ৯টায় রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পঞ্চগড় প্রেস ক্লাব, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও সংগঠন পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, ‘শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার সাধনায় আত্মনিয়োগ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে।’
গাইবান্ধা : সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন ও অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তারা। পরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল : সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জনসেবা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। এরপর একে একে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
জামালপুর : সকাল সাড়ে ৮টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আওয়ামী লীগসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ধর্মীয় প্রার্থনালয়ে দোয়া এবং স্কুল-কলেজে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া এতিম-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নাটোর : সকালে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান উপজেলা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে।
বগুড়া : বগুড়ায় ১০ ভিক্ষুককে পণ্যসহ মনিহারি দোকানঘর উপহার দেওয়া হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এসব দোকান ভিক্ষুকদের হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
ঝিনাইদহ : সকালে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই, সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র্যালি বের করা হয়।
নোয়াখালী : জেলা শহর মাইজদীতে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে সকালে শোক র্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিনের সভাপতিত্বে শোকসভা হয়। দুপুরে জেলা পরিষদ আয়োজন করে দোয়া ও কাঙালিভোজ। জেলা আওয়ামী লীগ বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে।
বান্দরবান : সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে দলীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও জেলা প্রশাসনসহ বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ফেনী : ফেনীর ৪৩টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় ১০০টি গরু জবাই করে কাঙালিভোজের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য করা হয়েছে মুরগি ও খাসি দিয়ে খাবারের আয়োজন। এছাড়াও নানা কর্মসূচি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরসহ সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ।
মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষে এবং উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
কুমিল্লা (আঞ্চলিক) : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হলরুমে আলোচনা সভা, মিলাদ মাহফিল, পুরস্কার বিতরণ ও যুবঋণ বিতরণসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুবের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সাভার : সকালে সাভার উপজেলা কমপ্লেক্সের স্বাধীনতা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
মাভাবিপ্রবি : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরহাদ হোসেন প্রো-ভিসি অধ্যাপক এ আর এম সোলাইমান ও ট্রেজারার অধ্যাপক সিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন। এরপর একটি শোক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।
