মাদক কারবারির হামলায় পুলিশ সদস্য আহত

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০২:১৭ এএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সমিতি বাজার এলাকায় স্থানীয় মাদক কারবারিদের মারধরে জাকির হোসেন নামে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। আহত জাকির ছাগলনাইয়া থানার ঘোপাল তদন্ত কেন্দ্রে কর্মরত। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমিতির বাজার এলাকায় কর্মরত ছিলেন এসআই জাকির। সেখানে চট্টগ্রামের বারইয়ারহাট এলাকার দুই তরুণকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এ সময় স্থানীয় মাদক কারবারি পারভেজসহ ১০-১২ জন সেখানে হাজির হন। তারা সবাই স্থানীয় যুবলীগের নেতাকর্মী। কেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে জানতে চেয়ে পারভেজ পুলিশের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা জাকিরের ওপর চড়াও হন এবং নাকে-মুখে ঘুষি মারেন। ঘটনার পর উপজেলার নিজজুঞ্জরা গ্রামে পারভেজের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবা ও ৮০টি ভারতীয় শাড়িসহ পারভেজের বাবা আবু তাহেরকে আটক করা হয়। ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় বলেন, ‘পারভেজ পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত