আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শহরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে মাদারীপুর পৌর শহরকে।
পরিকল্পনা অনুযায়ী জেলার একমাত্র ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র শকুনি লেকের চারপাশে গুরুত্বপূর্ণ স্থানে ৩২টি সিসি ক্যামেরাসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ইতিমধ্যে ৪৫টি সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে।
পৌরসভার বাসিন্দারা জানান, শকুনি লেকে বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে আসে। মাঝে মাঝে কিছু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এখন সেটা আর হবে না। সিসি ক্যামেরা লাগানোর জন্য তারা পৌর মেয়রকে ধন্যবাদ জানান।
পৌরসভার কয়েকজন কাউন্সিলর জানান, সিসি ক্যামেরা বসানোর কারণে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হবে না, হলেও তার সমাধান দ্রুত হবে।
মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পরে মাদারীপুর জেলার গুরুত্ব ও কার্যক্রম আরও বেড়েছে। যার কারণে এই শহরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।
ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে শকুনি লেক সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আমি মনে করি এতে আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপদ জীবন যাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘পৌর শহরের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ৪৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।’
তিনি বলেন, ‘পর্যায়ক্রমে আরও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আমি চাই এই মাদারীপুর পৌর শহরকে নিরাপত্তার সব সুবিধা দিয়ে স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে।’
