শুরুতেই ভালো সাড়া সর্বজনীন পেনশনে

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:১৭ এএম

উদ্বোধনের দিনে জাতীয় পেনশন কর্মসূচিতে (স্কিম) অন্তর্ভুক্ত হতে অন্তত ৮ হাজার মানুষ নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ হাজার ৭০০ জন আবেদনের পুরো প্রক্রিয়া শেষ করে চাঁদাও পরিশোধ করেছেন। জাতীয় পেনশন কর্র্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

গোলাম মোস্তফা জানান, গত বৃহস্পতিবার পেনশন কর্মসূচির উদ্বোধনের দিন বিকেল পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ নিবন্ধন করেছেন। রাত ১২টা পর্যন্ত সেটি বেড়ে ৮ হাজারে দাঁড়ায়। তবে প্রথম দিন সব মিলিয়ে ১ হাজার ৭০০ জন পেনশনের চাঁদা পরিশোধ করেছেন। যেহেতু পেনশনের নিবন্ধন থেকে শুরু করে চাঁদা পরিশোধের পুরো প্রক্রিয়াটি অনলাইনে দিনরাত ২৪ ঘণ্টাই করা যাচ্ছে, সেহেতু আবেদনকারীর সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে।

দেশের চার শ্রেণির প্রায় ১০ কোটি মানুষকে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনার কথা বিবেচনায় নিয়েই এ কর্মসূচি চালু করা হয়েছে। শুরুতে পেনশন ব্যবস্থায় রয়েছে চারটি আলাদা

স্কিম। সেগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস; বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য প্রগতি; রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে ও তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সমতা স্কিম নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ছয়টির মধ্যে চারটি স্কিম চালু করা হয়েছে। বাকি দুটি পরে চালু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত