কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এবার ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। ৩ মাস ১৩ দিন পর মসজিদের আটটি লোহার দানবাক্স খুলে এই টাকা পাওয়া যায়। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্স কমিটির আহ্বায়ক ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে বাক্সগুলো খোলা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী জানান, দানবাক্সগুলো থেকে এবার এ পর্যন্ত রেকর্ড পরিমাণ ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে চলতি বছরের ৬ মে দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন চার মাসে ওই দানবাক্সগুলোতে জমা পড়েছিল ১৯ বস্তা টাকা। টাকার পরিমাণ ছিল ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯। এ ছাড়া জমা পড়েছিল বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলো খুলে ২৩ বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গণনার কাজ চলছিল।
