ঈশ্বরগঞ্জ

খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল জব্দ

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০১:০৬ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির সুলভ মূল্যের ১১৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদা স্থান থেকে বস্তাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উচাখিলা ইউনিয়নের আলীনগর কারিগরি কলেজসংলগ্ন ডা. বিন্দু বালি রায়ের একটি ঘর ভাড়া নিয়ে ধান-পাটের ব্যবসা করে আসছিলেন দুই ভায়রা আনিস মিয়া ও মানিক মিয়া। সেই ঘরে মজুদ করে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১০৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ছাড়া উচাখিলা বাজারের একটি দোকান থেকে আট বস্তা এবং আরেক জায়গা থেকে তিন বস্তাসহ ১১৬ বস্তা চাল জব্দ করা হয়।

এ বিষয়ে মানিক মিয়া বলেন, ‘আমাদের বেচাকেনা কম থাকায় এক মাসের জন্য ঘরটি ভাড়া নিয়েছেন মরিচারচর গ্রামের জাহাঙ্গীর নামে এক কাঁচামাল ব্যবসায়ী। শুক্রবার জাহাঙ্গীর ঘরে মরিচ রাখার কথা বলে আমার কাছ থেকে চাবি নেয়। পরে কী হয়েছে জানি না।’

মানিক মিয়ার কথা অস্বীকার করে জাহাঙ্গীর বলেন, ‘উপকারভোগী লোকজনের কাছ থেকে চাল কেনার জন্য মানিক আমাকে এক লাখ টাকা ও ঘরের চাবি দেয়। এক লাখ টাকা দিয়ে ১০০ বস্তা চাল কিনি, বাকি পাঁচ বস্তা চালের দাম এখনো দেওয়া হয়নি। আমরা কয়েকজন মিলে চাল কিনে তার ঘরে রাখি।’ উচাখিলা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ‘খবর পেয়ে ফুড অফিস ও পুলিশের সহযোগিতায় আমি নিজে উপস্থিত থেকে চালগুলো জব্দ করি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, ‘ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত