চমককে নিষিদ্ধের সিদ্ধান্তে যা বলল ডিরেক্টরস গিল্ড

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৩:৫০ পিএম

রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে সামনে আসে অভিনয়শিল্পী ও পরিচালকদের অসদাচরণ। শুটিং সেটে অসদাচরণ, সহশিল্পীর কাছে অনৈতিক সুবিধা চাওয়াসহ বেশ কিছু অভিযোগ ওঠে অভিনেত্রী চমকের বিরুদ্ধে। ঘটনা সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত গড়ায়। চমকও তার সহশিল্পী থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে অভিযোগ আনেন। সেসব নিয়ে তারা অভিযোগ জানায় টেলিভিশনের তিন সংগঠনে।

এরপর সে ঘটনা নিয়ে অবশেষে গত রবিবার ১৩ আগস্ট বিকেল পাঁচটার দিকে অভিনয় শিল্পী, ডিরেক্টরস গিল্ড ও টেলিপ্যাব তিন সংগঠন মীমাংসায় বসে। রাত ১০টা পর্যন্ত সেই মিটিং চললেও সেদিন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংগঠনগুলো। প্রায় ২৪ ঘণ্টা পরে ১৪ আগস্ট সোমবার রাতে সংগঠনগুলো তাদের সিদ্ধান্ত জানায়। চমকের বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিনয়শিল্পী সংঘ অভিনেত্রীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে।

তারা জানায়, চমকের কোনো অভিযোগ সত্য নয়। সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এরজন্য চমককে ক্ষতিপূরণ দিতে হবে এবং শুটিং সেটে সবার কাছে ক্ষমা চাইতে হবে।

অভিযোগ রয়েছে, এই সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া হয়েছে। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা সিদ্ধান্ত মানেনি।

ডিরেক্টরস গিল্ডের সঙ্গে যোগাযোগ করা হলে সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর দেশ রূপান্তরকে বলেন, এরমধ্যে বিষয়গুলো নিয়ে বেশ কয়েকবার বসা হয়েছে। সভার সিদ্ধান্তের সঙ্গে একমত নন ডিরেক্টরস গিল্ড। সংগঠনের পক্ষ থেকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে অভিনেত্রী চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করতে চায় ডিরেক্টরস গিল্ড। তাদের দাবি ছিল, যদি চমক পরিচালকের ক্ষতিপূরণ দেন তবে তিনি তিন মাস নিষিদ্ধ থাকবেন নাটকে। আর যদি ক্ষতিপূরণ না দেন তবে নিষিদ্ধের মেয়াদ আরো বাড়বে।

তিনি বলেন, এর আগের সভাতে সংঠনের অনেকেই উপস্থিত ছিলেন না। তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত জানানো হয়েছিল। চমককে অভিযুক্ত করে ক্ষতিপূরণ ও শুটিংসেটে সবার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল। এরপর সভা থেকে তাকে নিষিদ্ধ করার দাবি ওঠে!

শিল্পীদেরকে শৃংখলার মধ্যে আনতে সংগঠনের যা যা করা প্রয়োজন তাই করা হবে বলে জানান সাধারণ সম্পাদক। আগামী ২১ আগস্ট রাজধানীর নিকেতনে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আরশের বিরুদ্ধে চমকের মিথ্যা অভিযোগ নিয়ে কয়েক দিন ধরে মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন অভিনেতা। এ ঘটনায় তার পরিবারকেও হেয় হতে হয়েছে বলে জানান আরশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত