চট্টগ্রাম পুলিশ সুপারের পরিচয় দিয়ে সীতাকুণ্ড থানার এক এসআইয়ের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা দাবি করেছে এক প্রতারক। এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পুলিশ সুপারের পরিচয় দিয়ে থানার ডিউটি অফিসারের সরকারি নম্বরে ফোন করে এক প্রতারক। এ সময় থানার ডিউটি অফিসারের কাছে কোন কোন এসআই ডিউটিতে আছে, তারা ঠিক মতো সেবা দিচ্ছে কি না ইত্যাদি তথ্য জানতে চায় প্রতারক। পরবর্তীতে তাদের নাম ও নম্বর চাইলে ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এসআই সোহেল আহমেদের নম্বর দেন।
এরপর সেই প্রতারক সোহেল আহমেদের নম্বরে ফোন করে এসপি পরিচয় দিয়ে 'আমি বিপদে আছি জরুরি ভিত্তিতে দুই লাখ টাকা পাঠাও' বলে তার সাথে প্রতারণা করার চেষ্টা করে। কিন্তু এসআই সোহেল আহমেদের সন্দেহ হয়।
তিনি কিছুক্ষণ কথাবার্তা বলার পর প্রতারককে উদ্দেশ্য করে বলেন, আমি এসপি স্যারের কন্ঠ চিনি। আপনি কোথায় আছেন বলেন। এটা বলার পর প্রতারক ধরা খেয়েছে বুঝতে পেরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ওই প্রতারক এসপি স্যারের ফোন নম্বর ক্লোন করে প্রথমে ডিউটি অফিসারকে ফোন করে। পরে এসআই সোহেলের মোবাইল ফোনে কল দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। আমি সবকিছু জানার পর সেই নম্বরটি এবং কথোপকথন শুনে সে যে একজন প্রতারক তা নিশ্চিত হই। পরে এসপি স্যারের সঙ্গে কথা বলে আজ (রবিবার) থানায় সাধারণ ডায়েরি করা হয়। প্রতারককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
