ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সর্বনিম্ন টোল ৮০ টাকা, সর্বোচ্চ ৪০০

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:৪৩ এএম

চার ক্যাটাগরিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার, কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহনকে টোল দিতে হবে।’

তিনি বলেন, ক্যাটাগরি-১-এ কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা, ক্যাটাগরি-২-এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা, ক্যাটাগরি-৩-এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা, ক্যাটাগরি-৪-এ সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া এই এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধন উপলক্ষে শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মো. মনজুর হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত