বগুড়ায় ওএমএস এর ১৫৫ বস্তা সরকারি চালসহ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার মধ্যরাতে বগুড়া সদরের কমলপুর এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে চালসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোখলেসুর রহমান দিপু খাদ্য বিভাগের ডিলার এবং শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার অপর সহযোগী ফেরদৌস দোবাড়ীয়া এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে। বগুড়া সদর থানা-পুলিশ জানায়, লাহিড়াপাড়া ইউনিয়নের কমলপুরে সুলতান মাহমুদের মালিকানাধীন মীর সেমিঅটো রাইস মিলসের গোডাউনে অভিযান চালানো হয়।
তবে গোডাউনটি আলম ও ফেরদৌস নামে দুজন ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিল। রাতে অভিযানকালে ওএমএস এর মজুদকৃত ১৫৫ বস্তা (প্রতিটি বস্তায় ৩০ কেজি করে) চাল উদ্ধার করা হয়। এ সময় মজুদকারী ডিলার মোখলেসুর রহমান দিপু ও ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ‘সরকারি এই চাল খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে বিক্রির জন্য, মজুদের জন্য নয়। কিন্তু আসামিরা অসৎ উদ্দেশে এই চাল মজুদ এবং বিক্রি করে আসছিল।
