নীলফামারী থেকে উঠে এসে এবার জাতীয় দলের স্বপ্নে বিভোর দীপক রায়। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার দীপকের সামনে এখন কোচ হাভিয়ের কাবরেরার হৃদয় জয়ের চ্যালেঞ্জ। ফুটবলের শীর্ষ পর্যায়ে উঠে আসতে একসময় দারিদ্র্যের সঙ্গে লড়তে হয়েছে। দিনমজুরি করে কিনতে হয়েছে বুট-জুতো। আবাহনী, শেখ রাসেল হয়ে জাতীয় দলের দরজা খুলতে পেরে ভীষণ খুশি তিনি। ৩২ থেকে মূল ২৩-এ নাম লেখানোর লড়াই অন্যদের সঙ্গে কাল থেকে শুরু করেছেন এ ফরোয়ার্ড। নিজেকে জাতীয় দলে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ঝরেছে তার কণ্ঠে, ‘প্রথম সুযোগ পাওয়ায় অনেক খুশি। এটা ভাষায় প্রকাশ করতে পারব না। বাসায় সবাই এ কারণে ভীষণ খুশি।’ পরিশ্রমী খেলোয়াড় হিসেবে এর মধ্যেই সুনাম কুড়িয়েছেন শেখ রাসেলের হয়ে ছয় গোল করা দীপক। জাতীয় দলেও সেই পরিশ্রমের জোরেই টিকে থাকার স্বপ্ন দেখেন তিনি। কোচের গুডবুকে নাম লিখিয়ে হতে চান লাল-সবুজের প্রতিনিধি। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি।
×
