শিক্ষিকাকে পেটানো হলো শ্রেণিকক্ষে

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১২:৩২ এএম

শিক্ষকদের বেসিনে হাত ধুতে নিষেধ করায় শ্রেণিকক্ষে এক শিক্ষিকাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে যশোরের মনিরামপুর পৌর এলাকার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনায় গতকাল অভিভাবক মিজানুর রহমানের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। এ সময় দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র সিফাত শিক্ষকদের জন্য নির্ধারিত বেসিনের পানির ট্যাপ খোলার সময় শিক্ষিকা ছালিমা আক্তার তাকে নিষেধ করেন এবং শিক্ষার্থীকে শাসন করেন। এতে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবা, মা, দাদাকে ডেকে নিয়ে বিদ্যালয়ে যায়। এ সময় শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান পরীক্ষা কক্ষের দায়িত্বরত শিক্ষিকা ছালিমা আক্তারকে শিক্ষার্থীদের সামনে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। একপর্যায় চুলের মুঠি ধরে জুতা দিয়ে পেটাতে পেটাতে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন বলেন, ‘এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আগামী তিন কর্মদিবসের মধ্যে ঘটনার ব্যাখ্যা চেয়ে পত্র দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত