পারিবারিক কাজ শেষে ফিরলেন মাহমুদউল্লাহ

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০১:০৬ এএম

মাহমুদউল্লাহ রিয়াদের অনুশীলনে ফেরাই এখন আগ্রহের খবর। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এই ক্রিকেটারের প্রতিদিনের অনুশীলন নতুন আশার জন্ম দেয়। গত কিছুদিনে এই ক্রিকেটারের অনুশীলনে না থাকা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিল। তবে অনিশ্চয়তা কাটিয়ে গতকাল মিরপুরে ফিরেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এশিয়া কাপের দল ঘোষণার দিন থেকে তার অনুপস্থিতির কারণ মায়ের অসুস্থতা। এ ক’দিন মায়ের পাশে সময় কাটিয়ে কাল আবার অনুশীলনে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ।

গত এক মাসে মিরপুরে অন্যতম নিয়মিত মুখদের একজন ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ১২ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণার দিন থেকে মিরপুরে তাকে দেখা যাচ্ছিল না। তিনি কী করছেন তাও বিসিবির নির্দিষ্ট কয়েক জনের বাইরে কেউ জানেননি। গত রবিবার বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভারতের ভিসা আবেদন করতে যান। সেখানে তামিম ও মাহমুদউল্লাহ ছিলেন না। তখন জানা যায় পারিবারিক কারণে মাহমুদউল্লাহ ভিসা করাতে যাননি। অবশ্য তার ভিসা করানোর কথা ছিল কি না তা জানা যায়নি। পাশাপাশি ২০ তারিখ থেকেই এশিয়া কাপের জন্য ব্যাকআপ ক্রিকেটারদের অনুশীলন শুরু হলেও ছিলেন না এই অভিজ্ঞ তারকা। অনেকেই ভেবেছিল এশিয়া কাপ দলে না থাকার অভিমানে মাহমুদউল্লাহ মিরপুরে আসছেন না। যোগ দিচ্ছেন না ব্যাকআপ ক্রিকেটারদের অনুশীলনে। কিন্তু সে ভুল ভেঙে     এই অলরাউন্ডার এখন চ-িকা হাথুরুসিংহের পরিকল্পনা মতো অনুশীলনে। অনুপস্থিতির এই ক’দিন মাহমুদউল্লাহ ছিলেন ময়মনসিংহে, নিজের গ্রামের বাড়ি। অসুস্থ মায়ের পাশে ছিলেন তিনি।

দলের বাইরে থাকা ক্রিকেটার সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, খালেদ আহমেদ, মাহমুদউল্লাহদের নিয়ে এই অনুশীলন পরিচালনা করছেন সোহেল ইসলাম। এই ক্রিকেটারদের সঙ্গে থাকা তানজিম হাসান সাকিব এখন এশিয়া কাপ দলে যুক্ত হয়েছেন। সোহেল ছাড়াও বিশ্বকাপ পর্যন্ত এই ক্রিকেটারদের তৈরি রাখতে বিশেষ এই ক্যাম্পে যোগ দেবেন বাংলা টাইগার্সের কোচিংয়ের দায়িত্বে থাকা জেমি সিডন্সও। এই পুল থেকে টুর্নামেন্ট চলাকলীন যে কোনো প্রয়োজনে মূল দলে ডাকা হবে ক্রিকেটার বা ক্রিকেটারদের।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলনে মিরপুরে আজ রিয়াদকে দেখা গেছে বেশ চনমনে। সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বেশ হাসিখুশি অবস্থায়। নেটে ব্যাটিং করার সময়ও বেশ স্বচ্ছন্দে ছিলেন, একের পর এক বড় শট খেলেছেন। আজ অনুশীলন শেষে মিরপুরে সাংবাদিকদের মাহমুদউল্লাহর অনুপস্থিতির খবরটা জানান এই ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা কোচ সোহেল ইসলাম, ‘রিয়াদের (মাহমুদউল্লাহ) আম্মু অসুস্থ ছিলেন তাই আজই যোগ দিয়েছেন। যেভাবে নির্দেশনা দেওয়া আছে ওপর থেকে যে আসলে কীভাবে প্র্যাকটিস করবে কার কীভাবে ভূমিকা থাকবে...ওভাবে রিয়াদের সঙ্গে কথা বলে প্র্যাকটিস সাজানো হচ্ছে। আমার তো মনে হচ্ছে ভালো শেইপে আছে। আর এই প্রস্তুতি ক্যাম্পটা তো লম্বা সময়ের। আশা করি আরও ৩-৪টা সেশন করলে ছন্দে ফিরে আসবে।’

মাহমুদউল্লাহর অনুশীলনে ফেরা বা ছন্দে ফেরাটা অবশ্য বিশেষ কিছুর ইঙ্গিত দেয় না। এই বিশ্বকাপে অভিজ্ঞ এ অলরাউন্ডার হাথুরুসিংহের মূল পরিকল্পনায় নেই। অবশ্য ব্যাকআপ হিসেবে শেষ বিশ্বকাপ খেলার ইচ্ছা পূরণ হতেও পারে মাহমুদউল্লাহর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত