সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহে আট ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা দেশ রূপান্তরকে বলেছেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেন ওই আট ছাত্রলীগ নেতা। সে কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাছুম পারভেজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন রহমান, নান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এম খায়রুল ইসলাম, সাইফ উদ্দিন আহমেদ, শেরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমন হাসান, বেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবির ও চণ্ডীপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি খায়রুল ইসলাম মামুন।
