১০ বছরের বেশি সময় আগে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ ও নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের রায় জানা যাবে আগামী ৭ সেপ্টেম্বর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এ মামলায় গতকাল বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। মামলার আসামি আদিলুর ও এলান জামিনে আছেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তা-বের পর তাদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহতের তথ্য প্রকাশ করে অধিকার। মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন গুলশান থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ। পরে তা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে একই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলায় ২২ জন সাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কৌঁসুলি নজরুল ইসলাম শামীম। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া।
