রাজশাহীর তানোরে স্ত্রী ও ছয় বছর বয়সী সন্তানকে হত্যা করেছেন তরুণ। চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। দিনাজপুরের নবাবগঞ্জে দোকানিকে খুন করা হয়েছে রড দিয়ে পিটিয়ে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল থেকে উদ্ধার করা হয়েছে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ তরুণের লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজশাহী : তানোরে ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার পাঁচন্দর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা বেগেম (২৫) ও তার ছেলে মো. নূর (৬)। তানোর থানার ওসি আব্দুর রহিম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিপা বেগমের স্বামী আলিউলকে (৩৫) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় নিপা ছেলে নূরকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সেখানেই এই হত্যাকা-ের ঘটনা ঘটে। পরে আলিউলকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
দিনাজপুর : নবাবগঞ্জ উপজেলায় পাওনা ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকধুলু নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দোকানি চকধুলু নারায়ণপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪০)। ওই এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে। নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার দুপুরে মোশাররফ হোসেনের মুদি দোকানে কেনাকাটা করতে আসেন ওই এলাকার তফি উদ্দীনের ছেলে নুরনবী। এ সময় মোশাররফ আগের ২০ টাকা বকেয়া পরিশোধ করার জন্য বলেন। এতে নুরনবী ও মোশাররফের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে নুরনবী লোহার রড দিয়ে মোশাররফের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রধান আসামি নুরনবী পলাতক। তবে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা : জীবননগরে মেয়ের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলার দেহাটি গ্রামের মাঠপাড়ায় নিজ বাড়িতে মতিয়ার রহমান মতি (৪৫) নামে ওই বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতিয়ার রহমান মৃত গোলাম হোসেনের ছেলে। এ ঘটনায় মেয়ে ময়না খাতুন (৩০) ও মেয়ের মা তাসলিমা খাতুনকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া (কক্সবাজার) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী এলাকার মুক্কুর টিলার পূর্ব পাশের সীমান্ত খাল থেকে পাহাড়ি ঢলে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে খালে তার লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর তিনি পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ হন।
