স্কুলের দোলনায় খেলতে গিয়ে শিশুর মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০১:৩৩ এএম

লালমনিরহাটের আদিতমারীতে স্কুলের দোলনায় খেলতে গিয়ে আঘাত পেয়ে শাহাদৎ হোসেন নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত শাহাদৎ উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে বুকে আঘাত পায় শাহাদৎ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও শিক্ষার্থীর অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার ও আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

জি আর সারোয়ার বলেন, ‘ঘটনাস্থলে এসে সবার সঙ্গে কথা বলেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত