পৃথিবীকে আইনস্টাইনের চেয়ে বেশি জ্ঞান কেউ দেয়নি। তিনি বলেছেন জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কল্পনা। আর কল্পনা শক্তিকে বাঁচিয়ে রাখতে বেশি বেশি বই পড়তে হবে। মানুষ তার কল্পনা শক্তির দ্বারা মানুষ হয়েছে। একমাত্র মানুষই পারে কোনো কিছুকে কল্পনা করতে। যা অন্য কোন জীব পারে না। কাজেই সেই কল্পনা করার ক্ষমতাকে তরুণ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হবে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ (১৭তম ব্যাচ) শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথাগুলো বলেন।
তরুণদের জীবনগঠন ও মানবিক মানুষ হওয়ার পরামর্শ দিয়ে জাফর ইকবাল বলেন, নতুন প্রজন্মকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তাদেরকে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হতে হবে যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো পারে না। তোমাদের নিজেদের তাগিদেই মানুষের গুণাবলিগুলো অর্জন করে নিতে হবে। তা না হলে তুমি টিকে থাকতে পারবে না।
নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোশাররাফ শবনম, বিজ্ঞান প্রকৌশল অনুষদ ডিন প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান,ব্যবসা প্রশাসন অনুষদ ডিন প্রফেসর ড. রিয়াদুল হাসান, চারুকলা অনুষদ ডিন ড. প্রফেসর তপন কুমার সরকার প্রমূখ।
আলোচনা শেষে ২৪টি বিভাগে ১ হাজার ৫৫জন নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, একাডেমিক ক্যালেন্ডার, শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।
