মাগুরায় স্বেচ্ছাসেবক দল-ছাত্রলীগ সংঘর্ষ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ এএম

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে শহরের চৌরাঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোরসহ নেতাকর্মীদের অভিযোগ, শহরের ইসলামপুর পাড়ায় বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভায় মাগুরার ৩৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসার পথে শহরের চৌরাঙ্গী মোড় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা এহসানুল হক পলাশসহ ৫ জন আহত হন।

জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, শহরের নতুন বাজার এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল ইসলামপুর পাড়ায় বিএনপির কার্যালয়ে যাচ্ছিল। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে তারা মাননীয় প্রধানমন্ত্রীর নামে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এই সমাবেশে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করে সেখানে যাচ্ছিল। পথে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় তাদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত