প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল চোটে পড়েছিলেন এই চার তারকা। কিন্তু অস্ট্রেলিয়া তাদের নিয়েই ভারতে বিশ্বকাপে খেলতে যাবে। গতকাল তাদের নিয়েই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, চার তারকা দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং সেপ্টেম্বরের শেষে ভারতের বিপক্ষে তিনটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচেও অংশ নিতে পারেন। গত অ্যাশেজে কামিন্স হাতে এবং স্মিথ কবজিতে চোট পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই নেই দুই তারকা। গোড়ালিতে চোট আছে ম্যাক্সওয়েলের এবং কুঁচকির সমস্যায় ভুগছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার পেস বিভাগে জায়গা পেয়েছেন শন অ্যাবোট। ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে জস ইংলিশকে। ১৮ জনের প্রাথমিক স্কোয়াড থেকে ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি নাথান এলিস, অ্যারন হার্ডি ও তানভির সংঘ।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স, শন অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
