অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তাদের গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়া নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ অফিসের সব আইন কর্মকর্তাকে জানানো যাচ্ছে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসসংক্রান্ত বিষয়ে বক্তব্য দেওয়ার আগে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ ও পূর্বানুমতি নেওয়ার জন্য অনুরোধ করা হলো।’
প্রসঙ্গত, ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার বিচারে উদ্বেগ ও বিচার কার্যক্রম স্থগিতের অনুরোধ জানিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠি ও বিবৃতির বিষয়ে পাল্টা প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করবেন না বলে গত সোমবার গণমাধ্যমে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। তিনি বলেন, ‘বিচারের নামে ড. ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে। এ নিয়ে বিশ্বনেতাদের উদ্বেগ ও বিবৃতি সঠিক।’ তার এ বক্তব্যে তোলপাড় শুরু হয়।
