ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক এএসআইয়ের স্ত্রীর চিকিৎসাসেবা কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক এবং পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে দুই পুলিশ সদস্য ও আট ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ১৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার প্রতিবাদে তিন দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মবিরতি ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকের ওপর রোগীর স্বজন এবং পুলিশ ক্যাম্পের সদস্যরা হামলা করেন। এর প্রতিবাদে আগামী তিন কার্যদিবস কর্মবিরতি পালন করবেন ইন্টার্ন চিকিৎসকরা। সেই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ঘটনার সুষ্ঠু সমাধান দিতে ব্যর্থ হলে পরে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে কক্সবাজার পুলিশ লাইনসে কর্মরত ময়মনসিংহের বাসিন্দা এএসআই মাহমুদুল হাসান তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। এরপর মাহমুদুল হাসান কর্তব্যরত চিকিৎসককে ডাকেন। চিকিৎসক আসতে কিছুটা বিলম্ব হওয়ায় এএসআই মাহমুদুল হাসান ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের সঙ্গে বাজে আচরণ করেন। এ সময় দুপক্ষের মধ্যে বাগবিত-া শুরু হয়।
খবর পেয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডে আসেন। তিনি এএসআই মাহমুদুলকে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক পুলিশ ক্যাম্পে যান। পুলিশ ক্যাম্পে দুপক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে এতে আটজন ইন্টার্ন চিকিৎসক আহত হন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, দুপক্ষের সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনার পর রাতেই জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা ও ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র মো. ইকরামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার ঘটনার সঙ্গে জড়িত হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ও পুলিশ সদস্য আরিফকে সাময়িক বরখাস্ত করেন।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, এই ঘটনা তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস বলেন, হাসপাতালে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি ঘোষণা করেছে।
