মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ মাদক কারবারের সঙ্গে জড়িত শালা-দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন থানার ওসি আবদুছ ছালেক।
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি হলেন বাদে মনসুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও তার শ্যালক জসিম মিয়া (২৭)।
ওসি ছালেক জানান, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভাটেরা ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। একপর্যায়ে ভাটেরা স্টেশন এলাকার একটি মার্কেটের গ্যারেজে রাখা প্রাইভেট কার থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে কারবারিদের গ্রেপ্তার করা হয়।
ওসি গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানান, আরও দুই পলাতক মাদক কারবারি তিন থেকে চার দিন আগে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ভাটেরায় এনে পরে সুবিধাজনক সময়ে তারা ঢাকায় বিক্রি করার জন্য গ্যারেজে মজুদ রাখে। মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
