দেবিদ্বারে প্রাচীন কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ এএম

কুমিল্লার দেবিদ্বারে বহুল আলোচিত মোল্লা বাড়ির কবরস্থান রক্ষায় এবং তার অংশ বিশেষ রমিজ মোল্লা কর্তৃক বিক্রয় চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রায় ২০০ বছরের প্রাচীন ওই কবরস্থানের জন্য গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আবদুল খালেক মোল্লা, সোয়েব মোল্লা, ফয়েজ আহাম্মেদ মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, আলমগীর মোল্লা, ফারুক মোল্লা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২০০ বছরের প্রাচীন মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানের সম্পত্তি আত্মসাৎ করতে একই বাড়ির রমিজ উদ্দিন মোল্লা নানা তৎপরতা চালাচ্ছে। সে কবরস্থানের জায়গা থেকে আধা শতক জায়গা বিক্রির চেষ্টা করছে। সম্প্রতি আমরা পুরাতন কবরগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সংস্কার করে ফুলের গাছ লাগাই। এতে সে কবরগুলোকে রহস্যজনক নতুন কবর বলে গুজব ছড়িয়ে দেয়। এ ঘটনায় দেবিদ্বার উপজেলা প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। আমরা তার এই তৎপরতার নিন্দা জানাই এবং প্রাচীন কবরস্থানটি রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাই।

এ ব্যাপারে আরও জানতে রমিজ উদ্দিন মোল্লার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

তবে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত