সমাবেশে ফখরুল

বৃহৎ শক্তির ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ এএম

সরকার অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকে তাদের কারণে বাংলাদেশ বিশে^র বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার প্রভাব বলয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির আগে সংক্ষিপ্ত এ সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, ‘এখন সবচেয়ে আশঙ্কার কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পর তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে, আজকে বাংলাদেশ একটা বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্রে হিসেবে ব্যবহৃত হতে চলেছে। এটার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। সরকার অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেরকম একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।’

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন।

মহিলা দলের র‌্যালি নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিংগেল রেস্তোরাঁ মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। মহিলা দলের কর্মসূচির কারণে বিপুলসংখ্যক মহিলা পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর মহিলা দল গঠন করেন জিয়াউর রহমান।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের শপথ নিতে হবে যে, আমরা যেকোনো মূল্যে এ সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার করতে চাই এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাই। আমাদের কথা খুব পরিষ্কার। আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো গোলযোগ চাই না। আমরা দেশে একটা সুষ্ঠু, অবাধ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই। সেটাই আমাদের লক্ষ্য।’

সবাইকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষ এগিয়ে আসছে, জনগণ বেরিয়ে আসছে। এ সরকারের পতন অনিবার্য এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘এ সরকারের দুঃশাসন নারীদের অন্ধকারে ঠেলে দিয়েছে। মহিলা দলের নেতাকর্মীরা নানা জায়গায় নির্যাতনের শিকার হচ্ছেন।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘নারীরা এখন সবচেয়ে বেশি নির্যাতিত। নারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এর বদলা নেওয়া হবে।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান, রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলী, ইয়াসমীন আরা হক, শাম্মী আখতার, সাবিনা ইয়াসমিন, নায়েবা ইউসুফ, রুমা আখতার প্রমুখ।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে যুবদল। স্বেচ্ছাসেবক দল আগামী রবিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে। অন্য অঙ্গ সংগঠনগুলো ধারাবাহিকভাবে একই কর্মসূচি পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত