হবিগঞ্জে আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিন দিন পর মাদক কারবারি রাজু মিয়াকে (২৪) আবার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল রবিবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে এক দল পুলিশ তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলার আগে কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু।
