খাগড়াছড়ির গুইমারাতে গলায় ফাঁস দিয়ে এক তরুণ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। গতকাল রবিবার ভোরে সিন্ধুকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমের সম্পর্ক নিয়ে টানাপড়েনে একই সঙ্গে ওই তরুণের তরুণী প্রেমিকাও আত্মহত্যার চেষ্টা করেন। তবে তিনি বেঁচে গেছেন। তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু পাড়া-প্রতিবেশীরা তা মেনে না নেওয়ায় তারা অভিমান করে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে সকালে পুলিশ তমেজয় ত্রিপুরা (১৮) নামে ওই তরুণের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে প্রতিবেশীরা আত্মহত্যার চেষ্টা করা তরুণীকে উদ্ধার করে প্রথমে মহালছড়ি হাসপাতালে এবং পরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। গুইমারা থানার ওসি রাজিব কর জানান, তরুণের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে খাগড়াছড়ি সদরের বাস টার্মিনাল এলাকায় গলায় ফাঁস নিয়ে আবদুল মোতালেব (২৯) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া পারিবারিক কলহের জেরে জেলা সদরের কমলছড়িতে পদ্মাদেবী ত্রিপুরা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন বলেও জানিয়েছে পুলিশ।
