আলুর বাজার-হিমাগারে ভোক্তা অধিকারের অভিযান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ এএম

রাজশাহীতে কোল্ড স্টোরে, ফরিদপুরে বাজারে এবং মুন্সীগঞ্জে হিমাগার ও দোকানে গতকাল বুধবার অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় হিমাগারের এক কর্মকর্তা, দুই আড়তদার এবং পাঁচ দোকানিকে জরিমানা করা হয়। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী : কোল্ড স্টোরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুজন আড়তদারকে জরিমানা করা হয়। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বায়া বাজারের হিমালয় কোল্ড স্টোরেজে অভিযান চালায়। এ সময় দুই আড়তদারকে আলু বিক্রির রসিদ না থাকায় আট হাজার টাকা জরিমানা করা হয়। স্টোরেজের মুকুল আড়তদারকে পাঁচ হাজার ও হযরত আড়তদারকে তিন হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় পাইকারি আলু ব্যবসায়ীরা দাবি করেন, কয়েক হাত বদলে মূলত আলুর দাম বাড়ে; বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফার আশায় বাজারে দাম বাড়ায়।

ফরিদপুর : আলুর দাম বেড়ে যাওয়ায় হিমাগার ও পাইকারি আড়তগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ফরিদপুর হাজী শরীয়াতুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফরিদপুর হিমাগার লিমিটেড ও হাজী শরীয়তুল্লাহ বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, ফরিদপুর হিমাগার থেকে আলু বিক্রেতা কর্তৃক ভাউচার দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করার পর হিমাগার কর্তৃপক্ষ আগামী দিন থেকে ভাউচার ছাড়া আলু বাজারে সরবরাহ করবেন না মর্মে প্রতিশ্রুতি দেন। পরে দাম বেশি নেওয়া ও পাকা ক্রয় রসিদ না থাকায় মেসার্স দয়াল ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ : পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের মোড়কে আলু সংরক্ষণ করার অপরাধে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি হিমাগারের কর্মকর্তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামের মেঘনা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের কর্মকর্তা সাখাওয়াত হোসেন মিলনকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুস সালাম ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলার রসুলপুর গ্রামের বোগদাদীয়া হিমাগারে চার আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাকা রসিদ ছাড়া আলু কেনাবেচার দায়ে ওই ব্যবসায়ীদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত