বিয়ের ছয় বছর পর একসঙ্গে ৪ সন্তান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ এএম

চাঁদপুরে বিয়ের ছয় বছর পরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ (২৫)।

গতকাল বুধবার সকালে শহরের প্রিমিয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বাভাবিক প্রক্রিয়ায় ওই চার শিশুর জন্ম হয়। এর একটি ছেলে এবং বাকি তিনটি মেয়ে। ওই গৃহবধূ শহরের ঘোষপাড়া এলাকার এক ব্যবসায়ীর স্ত্রী। তারা ছয় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গৃহবধূর জেঠিমা জানান, মা সুস্থ আছেন। তবে চিকিৎসকরা বাচ্চাদের পর্যবেক্ষণে রেখেছেন।

হাসপাতালের মেডিকেল অফিসার মিঠুন চক্রবর্তী বলেন, ‘ওই গৃহবধূকে সকাল ৮টার দিকে আমাদের হাসপাতালে প্রসবব্যথা অবস্থায় স্বজনরা নিয়ে আসেন। আসার পর আমরা সবকিছু দেখে এবং পরীক্ষা করে বুঝলাম তার এখনই ডেলিভারি হবে। যে কারণে আমরা ওটিতে নিয়ে যাই। সেখানেই চার বাচ্চার জন্ম হয়।’

তিনি আরও বলেন, ‘মাত্র ২৯ সপ্তাহের মধ্যে ডেলিভারি হওয়ায় বাচ্চাদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। হাসপাতালের ইনকিউবিটরে তাদের পর্যবেক্ষণে রেখেছি। অক্সিজেন দেওয়ার পাশাপাশি যে ধরনের চিকিৎসা দরকার, সেসব চিকিৎসা অব্যাহত আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত