ঢাকায় লাভরভের মন্তব্যে যুক্তরাষ্ট্রের কড়া প্রতিক্রিয়া

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ এএম

বাংলাদেশ সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের করা এক মন্তব্যের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রাশিয়াকে উদ্দেশ্য করে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, যে দেশ প্রতিবেশী দেশে আগ্রাসন চালায়, তার মুখে অন্যের হস্তক্ষেপ নিয়ে কথা বলা মানায় না।

গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একান্তে বৈঠক করেন। পরে দুই পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদল নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

লাভরভ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও বাংলাদেশ জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলেছে, যা প্রশংসনীয়। পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, অনেক দেশ বাংলাদেশের একটি দলের ওপর চাপ সৃষ্টি করছে, যা অগ্রহণযোগ্য।

এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যদি পরিস্থিতি বিবেচনা করি, তাহলে দেখব ভারত মহাসাগরীয় কৌশলের (ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি) নামে তাদের লক্ষ্য চীনকে প্রতিহত ও রাশিয়াকে একঘরে করে ফেলা, যা কার্যত বৈশ্বিক পরিসরে ন্যাটোর সম্প্রসারণেরই অংশ।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, জি-২০ শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেন। ঢাকায় তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো কর্তৃত্বমূলক আদেশ ও হস্তক্ষেপের চেষ্টাকে মস্কো প্রতিহত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় কৌশলের নামে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আসতে চায়। তারা এখানে এসে এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।’ এ ব্যাপারে আপনার মন্তব্য কী? প্রশান্ত মহাসাগর বিষয়ে আপনাদের অবস্থান কী?’

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘রাশিয়ার প্রতি সম্মান রেখে বলব, তারা এমন একটি দেশ, যারা দুই প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়েছে। তারা আগ্রাসী যুদ্ধ চালাচ্ছে। স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনে তারা নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। অন্য দেশের নির্দেশনা চাপিয়ে দেওয়ার বিষয়ে তাদের কথা বলা উচিত নয়। বাস্তবিক অর্থে এটা সের্গেই লাভরভের করা সুচিন্তিত মন্তব্য নয়। তবে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে বলব, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের লক্ষ্য একটি অবাধ, মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ ও প্রাণবন্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা। এটাই আমাদের প্রশান্ত মহাসাগরীয় কৌশলের উদ্দেশ্য। এটাই আমাদের অবস্থান।’

আরেক প্রশ্নে বলা হয়, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউজ বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো বিবৃতি আমরা দেখিনি।’

উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমার জানামতে, যেসব নেতার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের আলোচনা হয়েছে, সে বিষয়ে হোয়াইট হাউজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।’

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, ‘আদালত দুই সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। নিউ ইয়র্কে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেনের সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? সরকার কি সাংবাদিক, প্রতিবেদক ও সিনিয়র সম্পাদকদের হয়রানি করছে?’

মিলার বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেমনটি আমরা আগে বেশ কয়েকবার বলেছি, যেকোনো গণতন্ত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কাজ দুর্নীতি উন্মোচন করা। জনগণের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে এমন তথ্য জানার অধিকার তারা নিশ্চিত করেন। জনগণ তাদের দৈনন্দিন জীবনে যেসব সমস্যার মুখোমুখি হন, সে সম্পর্কে তাদের সচেতন করতে সাংবাদিকদের সুযোগ দিতে হবে। আপনারা এখানে যেমন প্রতিদিন আমার কাছ থেকে জবাবদিহি আদায় করেন, ঠিক একইভাবে সাংবাদিকদের নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহি আদায় নিশ্চিতের সুযোগ দিতে হবে। তাদের অবশ্যই হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি ছাড়া কাজ করার সুযোগ করে দিতে হবে। সরকারকে জবাবদিহির মধ্যে রাখার লক্ষ্যে কাজ করা সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পদ্ধতিগত ও নিপীড়নমূলক আচরণে আমরা উদ্বিগ্ন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত