জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের মামুন অর রশীদসহ একাধিক নবীন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়েছে। ওই ঘটনায় মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, শুভেচ্ছা ক্লাসের পরদিন থেকে নিয়মিত পরিসংখ্যান বিভাগের (১৭তম ব্যাচ) নবীন শিক্ষার্থী মামুন অর রশীদসহ একাধিক নবীন শিক্ষার্থীকে একই বিভাগের ১৬ ব্যাচের তৌহিদুজ্জামান লিটনসহ তার সঙ্গীরা ৩-৪ ঘণ্টা আটকে রেখে র্যাগিং করে। রাতেও বিভিন্ন সময় ডেকে নিয়ে আটকে রাখে। র্যাগিংকারীদের হুমকির ভয়ে নবীন শিক্ষার্থীদের কেউ মুখ খুলতে সাহস করেননি।
ওই ঘটনায় মঙ্গলবার চারুকলা অনুষদের ডিন ও ছাত্র পরামর্শক প্রফেসর ড. তপন কুমার সরকারকে আহ্বায়ক, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মুয়ীদকে সদস্য ও প্রক্টর সঞ্জয় কুমারকে সদস্য সচিব করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে এ ব্যাপারে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
