শ্রীপুরে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ এএম

গাজীপুরের শ্রীপুরে পশুখাদ্যবাহী কনটেইনারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত তার দুই সহোদরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তেলিহাটি ইউনিয়নের সাতখামাইর ছাতিরবাজার আঞ্চলিক সড়কের শিশুপল্লী প্লাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তামিম আহম্মেদ (১১)। আহত দুজন হলোÑ তানভীর আহম্মেদ (১৫) ও হাবিব উল্লাহ (৪)। তারা পাশের সাঁইটেলিয়া গ্রামের জসিম উদ্দীনের সন্তান। শখ করে বাড়িতে রাখা বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে এ দুর্ঘটনায় পড়ে তারা। স্বজনরা জানান, সন্ধ্যার আগে ছোট দুই ভাইকে নিয়ে বাড়ি থেকে বাবার অটোরিকশা নিয়ে বের হয় তানভীর। শিশুপল্লী মোড় চৌরাস্তায় নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারির খাবার (পশুখাদ্য) বহনকারী কনটেইনারের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়।

শ্রীপুর মডেল থানার এসআই সুজন কুমার প-িত জানান, শিশুটির মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। কনটেইনার ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত