স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

যুক্তরাজ্যের সঙ্গে বন্দিবিনিময় নিয়ে আলোচনা হচ্ছে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ এএম

যুক্তরাজ্যের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করা নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এই চুক্তি হলে যেকোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজ হবে। আমি যতটুকু শুনেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা একটা প্রপোজাল দিয়েছিল এবং সেটা নিয়ে আলোচনা চলছে। এখনো কংক্রিট একটা প্রপোজাল, সেই প্রপোজালটা এখনো আমরা পাইনি। আমরা যেটুকু জানি এই ধরনের আলোচনা হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করা হচ্ছে কি নাÑ সাংবাদিকরা এই প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনা হয়েছে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমপ্লিমেন্ট করবে, আমাদের প্রতিনিধি আলোচনার সময় ছিলেন। আমি যতটুকু শুনেছি এই আলোচনাটা হয়েছে। আলোচনাটা কীভাবে বাস্তবায়ন হবে এখনো আমাদের কাছে বিস্তারিত কিছু আসেনি।’ তিনি বলেন, ‘আমাদের সঙ্গে অনেকেরই বন্দিবিনিময় চুক্তি হয়েছে। যেখানে এ চুক্তি হয়েছে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতেই হয়ে থাকে। এগুলোর প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং ধারাবাহিকভাবে তাদের কাজ রয়েছে। সেই কাজগুলো শেষ করার পর এই চুক্তিটি সম্পন্ন হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে।’

যুক্তরাজ্যের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি হলে তারেক রহমানকে ফিরিয়ে আনা সহজ হবে কি নাÑ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা আসুক। যেকোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজ হবে। আমরা কাজ করে যাব, কতক্ষণে শেষ করতে পারি সেটি পরিবেশের ওপর নির্ভর করে। কারণ আমাদের আলোচনা, সিদ্ধান্ত, দুদেশের আইনসংগত বিষয়গুলো, সেগুলোরও অনেক কর্মকাণ্ড আছে। সেগুলো শেষ করার পর এটা (বন্দিবিনিময় চুক্তি) হবে।’

এবার দুর্গাপূজা হবে ৩২৪০৭ ম-পে : স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ থেকে ২৪ অক্টোবর দুর্গাপূজা উদযাপন হবে। প্রতি বছরই পূজাম-পের সংখ্যা বাড়ছে। এবারও তা বাড়বে বলে আমাদের কাছে খবর আসছে। আমরা বলেছি, গত বছর যতগুলো পূজাম-প ছিল এবারও যেন সেখানেই সীমাবদ্ধ রাখা হয়। ম-পের সংখ্যা আর না বাড়াতে আমরা অনুরোধ করেছি। তারা বলেছেন, চেষ্টা করবেন। তিনি বলেন, গত বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজাম-প ছিল। এবার ২৩৯টি বেড়ে যাচ্ছে। পূজাম-প বাড়লে সেখানে নিরাপত্তারও প্রশ্ন আছে। পূজাম-পগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি প্রতিটি ম-পে যেন স্বেচ্ছাসেবক বাহিনী রাখে। আমাদের দুই লাখ আনসার সদস্য সেখানে মোতায়েন হবেন। কোনো পূজাম-প থেকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সহযোগিতার জন্য ফোনকল এলে তাৎক্ষণিকভাবে সহযোগিতা দিতে এবং স্পেশাল কেয়ার নিতে বলে দেওয়া হয়েছে। এবার পূজাম-পে সিসি ক্যামেরার সঙ্গে আইপি ক্যামেরাও সংযুক্ত করতে বলা হয়েছে।’ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনরাও উপস্থিত ছিলেন।

এনআইডিসেবা স্বরাষ্ট্রে আসতে সময় লাগবে : আসাদুজ্জামান খান বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসতে ‘সময় লাগবে’। এনআইডিসেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরে আইন পাস হয়েছে। মাত্র আইন হলো। আইন অনুযায়ী যেসব কর্মকাণ্ড সেগুলো থেকে একটু সময় লাগবে। যে পর্যন্ত না হবে সে পর্যন্ত পুরনো ব্যবস্থাই চালু থাকবে। পুরনো ব্যবস্থাতেই এনআইডি সংশোধন কিংবা নতুন করে এনআইডি দেওয়া হবে, যারা করছেন তারাই করবেন। আমরা যখন ফুল ফেজে দায়িত্ব নিতে পারব, তখন ঘোষণা দিয়ে জানিয়ে দেব যে আজ থেকে আমরা পুরোপুরি এনআইডির নিয়ন্ত্রণ নিয়ে নিলাম। চলতি বছর এটা করা সম্ভব কি নাÑ এ বিষয়ে তিনি বলেন, আমি এখন বলতে পারব না। মাত্রই তো আইন সংশোধন হলো। আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত