আগামী ২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। তার চার দিন আগেই পুরুষ বিভাগের ফুটবল শুরু হবে। বাংলাদেশ দল গতকাল (শুক্রবার) রাতে হাংজুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। তার আগে গতকাল সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন, বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। গেমসে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাংলাদেশের।
গেল এশিয়ান গেমসে জামাল ভূঁইয়ার গোলে কাতারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসে জামাল নেই। থাকছেন না বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাও। বাংলাদেশের অধিনায়ক আবাহনী লিমিটেডের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘গত গেমসে অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন। তার সঙ্গে আরও অনেক ফুটবলার ছিলেন যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা ছিল। এবার বসুন্ধরা কিংসের এএফসি কাপের খেলা থাকায় তাদের অনেকে নেই। জামালও আর্জেন্টিনায়।’
গেমস ফুটবলে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক চীন, মিয়ানমার ও ভারত। জাতীয় দলের অনেক ফুটবলার না থাকলেও বর্তমান দল নিয়ে আশাবাদী রহমত মিয়া, ‘২২ জনের মধ্যে ১৫ জনের জাতীয় দলে ক্যাম্প করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলে জায়গা করে নিতে তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে।’
এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন হয়েছে বৃহস্পতিবার। কাবরেরা দুজনকে দলে নিয়েছেন। জাতীয় দলের হেড কোচ কাবরেরা বলেন, ‘এখনই লক্ষ্য সম্পর্কে কিছু বলতে চাই না। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। প্রথম ম্যাচ মিয়ানমারের বিপক্ষে। সেটা নিয়েই আগে ভাবছি।’
কাবরেরা গত সপ্তাহে ১৫ জন নিয়ে অনুশীলন শুরু করেন। থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে দলের বাকি সাত ফুটবলার বুধবার যোগ দেন। এশিয়ান গেমসে পুরুষ ফুটবলে ২৩ বছরের বেশি তিনজন ফুটবলার অন্তর্ভুক্ত করা যায়।
