চলতি বছর থেকে বাড়ছে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ। এ বছর প্রতিটি নোবেল পুরস্কারের জন্য নগদ অর্থের পরিমাণ হবে প্রায় এক মিলিয়ন ইউরো বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।
শুক্রবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিকে এ তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নতুন এ সিদ্ধান্তের ফলে এবারের বিজয়ীরা গতবারের চেয়ে ৮৪ হাজার ইউরো বেশি (প্রায় ১০ লাখ সুইডিস ক্রোনা) বেশি পাবেন।
আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। এতে চলতি বছরের নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ দারয়েছে ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলারে।
সাম্প্রতিক বছরগুলোতে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ বেশ কয়েকবার বাড়ানো-কমানো হয়েছে। ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য ৮ লাখ ৯৭ হাজার ডলার থেকে ৭ লাখ ১৭ হাজার ডলার করা হয়। এরপর ২০১৭ সালে তা বাড়িয়ে ৮ লাখ এবং ২০২০ সালে বাড়িয়ে ৮ লাখ ৯৭ হাজার ডলার করা হয়।
২০১৩ সালে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা মার্কিন মুদ্রায় নগদ অর্থ পেয়েছিলেন প্রায় ১২ লাখ ডলার।
এ বছর আগামী ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ক্রমান্বয়ে জানা যাবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে কারা জিতছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
