দুই মিস্ত্রি খুন, একজনের লাশ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭ এএম

রাজশাহীতে এক সাইকেল মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় খুন হয়েছেন এক ইলেকট্রিশিয়ান। অন্যদিকে নীলফামারীর সৈয়দপুরে নিজ দোকান থেকে এক টিভি মিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার দুপুরের মধ্যে পৃথক ঘটনাগুলো ঘটে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজারে রবিবার দুপুরে সাইকেল মিস্ত্রি খাকসার আলীকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দিঘা বাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, রবিবার দুপুরে দিঘা বাজার এলাকায় কিছু দুর্বৃত্ত দেশি অস্ত্র দিয়ে খাকসারকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় নূর ইসলাম (৪৭) নামে এক ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরে মধ্য নরসিংপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা এবং দুই শ্যালক মোজাফফর ও শাহজালালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নীলফামারী : জেলার সৈয়দপুর শহরের রেলঘুন্টি সংলগ্ন রেললাইনের পাশে নিজ দোকানের ভেতর থেকে গত শনিবার রাতে টিভি মেকার শহিদুল ইসলামের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহিদুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার আলমপুর এলাকার মৃত হাসমত আলীর ছেলে। তিনি স্ত্রী, ছোট মেয়েসহ সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শহিদুলের গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহজনক দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত