দিনাজপুরের ঘোড়াঘাটে এক ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারের ভিডব্লিউবি কর্মসূচির (সাবেক ভিজিডি) ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব বস্তায় ২ হাজার ৮৫০ কেজি চাল ছিল। গত রবিবার রাত ৮টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের মঞ্জুরুল ওরফে মঞ্জু মিয়ার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। তবে মঞ্জু মিয়া বাড়িতে না থাকায় এ ঘটনায় কাউকে আটক করেনি প্রশাসন।
এর আগে সন্ধা সাড়ে ৭টায় চাল মজুদের খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান ওই বাড়িতে যান।
মঞ্জু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী।
মঞ্জু মিয়ার ছেলে নাসিম মিয়া বলেন, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি সুবিধাভোগীদের কাছ থেকে এসব চাল কিনে নিয়েছে। আমার বাবা আবার স্থানীয় ওইসব ব্যক্তিদের কাছে থেকে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৩০ টাকা দরে এসব চালের বস্তা কিনে বাড়িতে রেখেছেন।’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, ‘ভিডব্লিউবি প্রকল্পের অধিনে ঘোড়াঘাট উপজেলায় ২ হাজার ৩৩৭ জন সুবিধাভোগী রয়েছেন। প্রতিমাসে তারা বিনামূল্যে ৩০ কেজি করে চাল পান। মাঝে একমাস সুবিধাভোগীরা চাল পায়নি। তাই চলতি মাসে তাদের একসঙ্গে দুই মাসের চাল বিতরণ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ‘জব্দ করা চাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
