নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। টাঙ্গাইলের ভূঞাপুরে বিলের পানি থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনের পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে।
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় গতকাল ভোর ৫টার দিকে হত্যার ঘটনাটি ঘটে। নিহত আক্কাস সিকদার (৪৫) বরগুনা জেলার আমতলী থানার চুনাখালী হাটবাজার এলাকার নুর মোহাম্মদ সিকদারের ছেলে। তিনি মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেব মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। আড়ত থেকে সবজি কিনে ভ্যানে করে মহল্লায় বিক্রি করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন কবির জানান, আক্কাস প্রতিদিনের মতো সবজি কিনতে ভোর রাতে যাত্রাবাড়ী আড়তের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। তবে কত টাকা ছিল তা জানা যায়নি। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
এদিকে টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া বিলের পানি থেকে গতকাল দুপুরে বস্তাবন্দি অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, ফলদা ঘোনাপাড়া বিলের পানিতে বস্তাবন্দি একটি লাশ ভেসে থাকতে দেখে তারা ভূঞাপুর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ফলদা ঘোনাপাড়া বিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটন করা হবে।
