নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকা-ে অফিস কক্ষের দুটি আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া কিছু খাতা চুরি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মামুন মিয়াসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার এসআই আলমগীর হোসেন। এর আগে চলতি মাসের ২ তারিখেও একবার ওই অফিসে আগুনের ঘটনা ঘটে। তারও আগে গত মাসে এ অফিসে চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা সরকার বলেন, ‘সন্ধ্যায় বিদ্যালয়ের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। অফিস কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কেউ আগুন দিয়েছে। এর আগেও স্কুলের অফিসে একবার আগুন লেগে কাগজপত্র পুড়ে গেছে।’
